রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় প্রধান আসামী রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আসামীদের উপস্থিতিতে চার্জ গঠনের শুনানি ১৫ মে।
মামলার প্রধান আসামী রানা কারাগারে আটক আছেন। পলাতক আছেন ১০ জন এবং জামিনে ৩০ জন। রানা জামিন চাইলেও তার আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, মামলা আমলে নেয়ার অর্থ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে, মামলাটি চলবে। এরই প্রেক্ষিতে আগামী ১৫ মে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়।
আসামীদের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়েছে বলে জানান আসামীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ।
তিনি বলেন, আসামী সোহেল রানার বাবা, মা, ফুপু ও পরিবারের অন্য সদস্যদের জামিন হয়েছে। তবে রানার জন্য জামিন চাওয়া হলেও সেই আবেদন নামঞ্জুর করেছেন আদালত।







