হলিউড ঘুরে ভারতের বলিউডে ঝড় তোলা #মি-টু’র ঢেউ পকপ্রণালী পেরিয়ে শ্রীলঙ্কাতেও আছড়ে পড়ল। এই ক্যাম্পেইনের জেরে এবার বিপাকে লঙ্কান সাবেক অধিনয়াক ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক ভারতীয় বিমানকর্মী।
ফেসবুক পোস্টে ওই বিমানকর্মী দাবি করেছেন, ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে একটি হোটেলে তার শ্লীলতাহানির চেষ্টা করেন রানাতুঙ্গা।
বিমানকর্মীর অভিযোগে বলেছেন, ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন একদিন হঠাৎ মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তার ও তার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় ক্রিকেটারদের। তারা অটোগ্রাফ নেয়ার জন্য ক্রিকেটারদের ঘরে যান। একে একে সব ক্রিকেটারের ঘরেই যান দুজনে। ভারতীয় ক্রিকেটাররা তাদের অটোগ্রাফ দেন। কিন্তু রানাতুঙ্গার ঘরে গিয়েই বাধে বিপত্তি।
তরুণীর অভিযোগ, রানাতুঙ্গার ঘরে সেসময় ৭জন ছিলেন। তারা মদ্যপান করছিলেন। দুই তরুণী প্রবেশ করলে তাদেরও মদ্যপানের প্রস্তাব দেয়া হয়। বান্ধবী সেই প্রস্তাবে সম্মত হলেও অভিযোগকারী মহিলা নিজে সম্মত হননি।
সম্মত হওয়া তরুণীদের সঙ্গে কথাবার্তার সময়ই সাত ক্রিকেটারের কেউ একজন ঘরের দরজাটা বন্ধ করে দেন। অভিযোগারী তখন আতঙ্কিত হয়ে পড়েন। এরইমধ্যে হঠাৎ করে পেছন থেকে নির্যাতিতাকে জাপটে ধরেন শ্রীলঙ্কা সাবেক অধিনায়ক। পরে শরীরের একাধিক স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার।
ফেসবুক পোস্টে সেই মহিলা জানিয়েছেন, রানাতুঙ্গার আচরণে প্রথমে তিনি হতভম্ব হয়ে যান। পরে স্থির হয়ে রানাতুঙ্গার পায়ে লাথি মারেন এবং তাকে এক ঝটকায় ফেলে দিয়ে ছুটে রিসেপশনে পালিয়ে যান।
হোটেল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানো হলেও তারা নাকি অভিযোগ নিতে অস্বীকার করে। রিসেপশনিস্ট জানান, ‘এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে আমরা হস্তক্ষেপ করব না।’
#মি-টু ক্যাম্পেনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির নারীরা তাদের বিরুদ্ধে হওয়া যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আনছেন। ইতিমধ্যেই ভারতের একজন মন্ত্রী এম জে আকবর, অভিনেতা অলোক নাথ, নানা পাটেকর, বিবেক অগ্নিহোত্রী, বিকাশ বহেল, রজত কাপুরদের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে উঠেছে হেনস্তার অভিযোগ। তার আগে হলিউডে মুখোশ উন্মোচন করেছে হার্ভি ওয়েস্টিনের মতো হোমড়াচোমড়া সিনেমাওয়ালাদের।







