মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের সাজানো মঞ্চটাই বলে দিচ্ছে আজ বুধবার অন্যরকম কিছু হতে চলেছে। অন্য রকম এক উন্মাদনা আজ শহর জুড়ে। আজ ৪৫ হাজার দর্শকের সামনে গান করবেন পপ সেনশেসন জাস্টিন বিবার। গানের মাঝে আকাশে দেখা যাবে উজ্জ্বল আতশবাজি আর গ্যাস বেলুন।
গোলাপী পোশাক গায়ে বিবার যখন ভারতের মাটিতে পা রাখেন, ঘড়ির কাঁটায় তখন রাত দেড়টা। আর তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে জমেছিল ভক্তদের ভিড়। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী শেরাও। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে জাস্টিন ভারত আসার আগে গিয়েছিলেন দুবাইয়ে। মরুর বালির বুকে বাইক রাইডিংয়ে মেতেছিলেন কিছু সময়।
অনেক কিছুকে ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে ‘কী গাইবেন বিবার?’
যতদূর জানা গেছে সুপারহিট গানগুলোই শোনা যাবে বিবারের কণ্ঠে। এর মধ্যে রয়েছে ‘হয়ার আর ইউ নাউ’, ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইয়োর সেলফ’, ‘অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি’ থেকে শুরু করে তার ‘বেবি’ কিংবা পারপাসের মতো জনপ্রিয় গানগুলো।
বিবারের সর্বশেষ অ্যালবাম হল ‘পারপাস’। বিবারে চতুর্থ অ্যালবামে অনেক ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষা করা হয়েছে।
এবারের সফরে বিবার পাঁচদিন অবস্থান করবেন ভারতে। এর মধ্যে তাজমহল দর্শন আর জয়পুরে ঘোরাঘুরিও আছে তার সফর সূচিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস, মিড–ডে।








