প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্রে মধ্যস্থতা করা ইসির কাজ নয়। তাই ইসি এ ধরণের কোন উদ্যোগ গ্রহণ করবে না।
তিনি বলেন: ‘আমাদের কারও কাছে যাওয়ার দরকার নেই। কেননা ইসি একটি স্বাধীন সত্তা। আমরা শপথ নিয়েছি, কারও চাপে নতি স্বীকার করবো না। কারও কাছে যাবো না। এটাই যথেষ্ট। তাছাড়া আমাদের এখানে আন্তর্জাতিক অনেক মধ্যস্থতাকারী এসেও সমঝোতা করতে পারেননি। তাই মধ্যস্থতাকারীর ভূমিকা আমরা নিতে চাই না, এটা আমাদের কাজও নয়।’
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই দিনের সংলাপ শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
এরপর মিডিয়া সেন্টারে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফ্রিংয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ গণমাধ্যম প্রতিনিধিদের প্রস্তাব ও পরামর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইসি সচিব বলেন: আজকের সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার বেশিরভাগ প্রতিনিধি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার ব্যাপারে মত দিয়েছেন।
আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়।
সংলাপে টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইসির জনসংযোগ শাখার দেওয়া তালিকা অনুযায়ী দ্বিতীয় দিনের আমন্ত্রিত হিসেবে ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, এনটিভি প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, এটিএন বাংলা হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজ হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজ, আরটিভি সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভি হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশন হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেনডেন্ট টিভি নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, মাছরাঙা টিভি প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভি হেড অব নিউজ মেজবাহ আহমেদ, একাত্তর টিভি প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এডিটর ইনপুট তালাত মামুন।
আমন্ত্রিতদের মধ্যে আরও ছিলেন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভি প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, চ্যানেল নাইন হেড অব নিউজ আমিনুর রশীদ, ভয়েস অব আমেরিকা বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, বৈশাখী টিভি’র অশোক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর এর হাসনাইন খুরশিদ, ডিবিসি’র মনজুরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন উর রশিদ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ।
এছাড়াও মাই টিভি, এশিয়ান টিভি, দীপ্ত টিভি, এসএ টিভি, মোহনা টিভি, রেড়িও টুডের বার্তা প্রধানও তালিকায় ছিলেন।
এর আগে বুধবার সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সেখানে সংবাদপত্রের প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচনের ক্ষেত্রে সেনা মোতায়েন ও ‘না’ ভোট প্রশ্নে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে।
ছবি: ওবায়দুল হক তুহিন








