সুযোগ পেলে কেবল অধিনায়কত্বই নয়, ডেভিড ওয়ার্নার কাঁপাতে চান রাজনীতির ময়দানও। সরাসরি না বললেও সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমন ইচ্ছারই ইঙ্গিত দিয়েছেন অজি মারকুটে ব্যাটসম্যান।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্যা ফাইনাল ওয়ার্ড পোডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘ক্রিকেট ছাড়ার পর নির্দিষ্টভাবে কী করবো সেটা এখনো ঠিক করিনি। একটা বিষয় সবসময় আমার মাথায় ঘুরে বেড়ায়, তা হল আমি বড় হয়েছি ভাড়া বাসায়। আমি এবং আমার ভাইকে ঘরের সব কাজ করতে হত। আমার বাবা-মা সারাদিন বাইরে কাজ করতেন। যখন আমি বাইরে যাওয়া শুরু করলাম তখন থেকেই আমাকে কামাই করতে হয়েছে। কারণ আমাদের বিল পরিশোধ করতে হত। আমি চাই না আর কাউকে এভাবে কষ্ট করতে হোক।’
গত বছর অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। তার সেই নেতৃত্ব হয়েছে একাধারে প্রশংসিত এবং সমালোচিত। সেই দ্বন্দ্ব নিয়ে কথা বলার সময়ই ইঙ্গিত দিলেন ভবিষ্যতে তাকে হয়ত দেখা যেতে পারে রাজনীতিতেও।
‘আপনি যখন মনে-প্রাণে কিছু বিশ্বাস করবেন, তখন সেটা নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। আমি হার মানিনি, কারণ আমাদের কাউকে না কাউকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে। ভবিষ্যতে হয়ত দেশকেও সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবো।’
নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের অনুপস্থিতে দেশকে জিতিয়েছেন ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি সিরিজ। আইপিএলের দল সানরাইর্জাস হায়দরাবাদকে জিতিয়েছেন প্রথমবারের মত আইপিএল শিরোপাও। ওয়ার্নার রাজনীতির ময়দানে খুব একটা খারাপ করবেন না তার ইঙ্গিত যেন দিয়ে চলেছেন ক্রিকেট দিয়েই!









