বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একজন দক্ষ রাজনীতিবিদ। রাজনীতির মতো মাছ শিকারেও যে তিনি সমান দক্ষ এবার সেই দৃশ্য দেখতে পেল বিশ্ববাসী।
ডেইলি মেইল জানিয়েছে, চলতি মাসে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সাইবেরিয়ায় যান পুতিন। ছুটি উপভোগ করতে দক্ষিণ সাইবেরিয়ার তুভা অঞ্জলে খালি গায়ে পানিতে নেমে পড়েন মাছ শিকারে। বরশিতে করে মাছ ধরেন একের পর এক। শুধু তাই নয় পানির নিচে ডুব দিয়েও মাছ ধরেন।
মাছ ধরার পাশাপশি সেখানে তাকে সূর্যস্নান এবং সাঁতার কাটতেও দেখা যায়। এসময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু।
তবে অ্যাডভেঞ্চার প্রিয় পুতিনের এ ধরনের অভিযান এটাই প্রথম নয়। সুযোগ পেলে তিনি মাঝে মাঝেই সাইবেরিয়ান পর্বতের সৌন্দর্য্য উপভোগে বের হন।
আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের এসব অভিযান দেশবাসীর জন্য এক ধরনের বার্তাও। এর মধ্য দিয়ে দেশবাসীকে বোঝাতে চান তিনি এখনও তেজদ্দীপ্ত, শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী। এছাড়াও দেশবাসীকে ছুটির দিনে নিজ দেশ ঘুরে দেখতে উৎসাহী করে তোলা।











