রাজধানীর পল্লবীতে মহিউদ্দিন খান মোহন নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হাসান আলী নামে আরেক ব্যবসায়ী।
গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ঝুট ব্যবসায়ী মোহন মিরপুর-১০ নম্বরের পল্লবী এলাকার ঝুট পট্টিতে পরিবার নিয়ে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্যারিস রোডের বাসার সামনে দাঁড়িয়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ব্যবসায়িক দ্বন্দ্বে মোহনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।







