রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি লেখা কাগজ উদ্ধার করা হয়েছে, যাকে সুইসাইড নোট হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত নারীর নাম আনিকা এবং তার দুই ছেলে-মেয়ের নাম আবদুল্লাহ ও শামীমা।

মঙ্গলবার বিকালে ছোট দিয়াবাড়ি পানির পাম্পসংলগ্ন ওই বাসা থেকে পাঁচ বছরের শামীমা ও তিন বছরের আবদুল্লাহর গলাকাটা লাশের পাশে তাদের মা আনিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ২০ বছরের ওই গৃহবধূ সন্তানদের হত্যা করে নিজে গলায় ফাঁস দেন বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। তবে ঘটনার কারণ অনুসন্ধানে ওই নারীর স্বামী শামীম হোসেনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
সেলুনকর্মী শামীম সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
শামীমের বাড়ি গোপালগঞ্জে। তার স্ত্রী আনিকার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে।
লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।








