রাঙ্গামাটির স্থানীয় একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার দুপুরের দিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের আল হেলাল বোর্ডিং থেকে হালিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি রাঙ্গামাটি শহরের দক্ষিণ ফরেস্ট কলোনি এলাকার মৃত আব্দুল রশীদের ছেলে।
হালিমের বড় বোন রাশেদা জানান, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তার। তবে কি কারণে হালিম মারা গেছেন তা নিয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
হোটেল কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ফরেস্ট কলোনি এলাকার বাসিন্দা পরিচয়ে হোটেলের ১০২ নম্বর কক্ষটি ভাড়া নেন হালিম।
দরজা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে হালিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম চ্যানেল আই অনলাইনকে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।







