জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিস সিজন ১৮’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে সোনু সুদকে। রণবিজয়ের পরিবর্তে নির্মাতারা বেছে নিয়েছেন সোনুকে। শো-এর শুটিং শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
‘রোডিস সিজন ১৮’-এর সঞ্চালনার দায়িত্ব পেয়ে দারুণ খুশি সোনু। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘রোডিস-এর শুটিং শুরু করতে পেরে খুবই আনন্দ লাগছে। গত অনেকগুলো বছর ধরে এই শো-টি দেখি। এই শোতে আমার ফ্লেভার যোগ করতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে এটি।’
আঠারো বছরে এই প্রথমবার রণবিজয়-বিহীন ‘রোডিজ’। নেই নিখিল চিনাপ্পা, নেহা ধুপিয়া থেকে রফতার, প্রিন্স নারুলার মতো কোনও বিচারকই। একাই শোয়ের দায়িত্ব সামলাচ্ছেন সোনু সুদ।
আফ্রিকার গভীর জঙ্গলে রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হবেন ‘রোডিজ’-এর এবারের প্রতিযোগীরা। শোয়ের ধাঁচও একেবারেই বদলে দিয়েছেন নির্মাতারা। দর্শকদের জন্য থাকছে নানা চমক।








