আগামী ২২ জুলাই জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ সিনেমা মুক্তি পাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে রজনীকান্ত বলতে পাগল মানুষ। তাই ‘কাবালি’র মুক্তির দিনকে বিশেষ ছুটি ঘোষণা করেছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরুর কয়েকটি প্রতিষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রিয় তারকার সিনেমা দেখার জন্য এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা নানা অজুহাত দেখিয়ে ছুটির দরখাস্ত দিচ্ছেন। অনেকে আবার মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। যেন তাদের সঙ্গে কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করতে পারে। তাই এমন পরিস্থিতিতে ওইসব প্রতিষ্ঠানগুলো ছবিটির মুক্তির দিনে বিশেষ ছুটি ঘোষণা করেছে।
শুধু এমন ছুটিতে নয় প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন রজনীকান্ত। জানা গেছে, চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট কিনে ফেলেছে ‘ফ্রেশ ডেস্ক’নামে একটি সংস্থা। এই টিকিটগুলো সংস্থার কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। চেন্নাইয়ের আরো এক স্টার্ট আপ কোম্পানি ‘দ্য সোশ্যাল পিপল’ নিজেদের কর্মীদের জন্য আয়োজন করেছে ‘রজনীকান্ত কস্টিউম ডে’। ওই দিনে ‘কাবালি’র’ পোশাকে সবাইকে অফিসে আসতে হবে।
ছবি মুক্তি আগেই গত ১৫ জুলাই থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে সালমানের ‘সুলতান’ সিনেমাটিও পেছনে ফেলেছে ‘কাবালি’।
পিএ রানজিথ পরিচালিত এবং কালাইপুলি এস থানু প্রযোজিত কাবালি সিনেমাটিতে রজনীকান্ত ছাড়া আরো অভিনয় করেছেন তাইওয়ানিজ অভিনেতা উইনস্টন চাও এবং রাধিকা আপ্তে।







