১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বিজয় দিবসের সূচনালগ্নের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন রূপে আবির্ভূত হয়। মহান এ বিজয়ের দিনে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে শহীদ লাখো শহীদের সমাধিস্থল স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় বিনম্রচিত্তে ফুলে ফুলে ঢেকে দেবেন শহীদ বেদী। 
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। রং তুলির আচড়ে স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা সেজেছে আপন সাজে। হ্রদের পানি বদলিয়ে নতুন পানি দেয়া হয়েছে। বিভিন্ন জাতের মনোমুগ্ধকর ফুল গাছ লাগানো হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায়ও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গড়ে তোলা হয়েছে চার-স্তরের নিরাপত্তা বলয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।







