বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিন মঙ্গলবারে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইটান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স।
শুরু থেকেই রংপুরের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে খুলনা।
ম্যাচের তৃতীয় ওভারে সানির বলে আব্দুল মজিদের স্ট্যাম্প গুঁড়িয়ে যায়। ১৩ বলে ১০ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। পরের ওভারে বল হাতে ফিরেই ৮ বলে ৮ রান নিয়ে ব্যাট করতে থাকা আন্দ্রে ফ্লেচারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সানি।
অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই মাহমুদউল্লাহকে আউট করেন শহীদ আফ্রিদি। ব্যক্তিগত ১১ রান নিয়ে ব্যাট করতে থাকা খুলনার অধিনায়ক ডিপ-মিডউইকেটের দিকে উড়িয়ে মারতে গিয়ে আনোয়ার আলির তালুবন্দি হন।
এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা।শেষদিকে তাইবুর রহমানের ৩২ ও আরিফুলের ২২ রানে ১২৫ রান করতে সক্ষম হয় খুলনা।
রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন, আরাফাত সানি ও শহীদ আফ্রিদি।







