বিদ্যুৎ ও জ্বালানিসহ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আরো ঋণ দিতে চায় নতুন বহুজাতিক ব্যাংক এআইআইবি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৬ সদস্য ধামরাইয়ে একটি চলমান প্রকল্পের অগ্রগতি দেখে পরবর্তী বিনিয়োগের ব্যাপারে আশার কথা জানিয়েছেন। চীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত এআইআইবির অর্থায়নে বিশ্বে ২৮টি প্রকল্প চলছে, এর মধ্যে ৩টিই বাংলাদেশে।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবির যাত্রা শুরু ২০১৬ সালের জানুয়ারিতে। সদর দপ্তর বেইজিংয়ে আর সদস্য সংখ্যা ৬৭। সদস্য দেশগুলোতে ২৮ প্রকল্পে সাড়ে ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি।
বাংলাদেশে ভোলা আইপিপি প্রকল্প, বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এআইআইবি। বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় গ্রামে ২৫ লাখ নতুন সংযোগ দেয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে।
বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পটি দেখতে এআইআইবি’র পরিচালনা পর্ষদের সদস্য যুক্তরাজ্য, জার্মান, অস্ট্রিয়া, ভারত এবং ফিলিপিন্স থেকে প্রতিনিধিরা গিয়েছিলেন ধামরাইয়ে।
বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি উপকারভোগীরা। এআইআইবির জনসংযোগ বিভাগের পরিচালক লরা অস্টফিল্ড জানিয়েছেন, শিগগিরই পৌরসভাগুলোতে পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত আসবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







