সাইকেল চালিয়ে যে কোনো শহরের যানজট কমানো সম্ভব। শিক্ষাবিদ ও বিজ্ঞান লেখক অধ্যাপক জাফর ইকবাল মনে করেন, সবাই সাইকেল ব্যবহার করলে ঢাকা শহরের যানজট প্রায় ৭০ ভাগ কমে যাবে। সাইকেলকে জীবনের অংশ করে তোলার জন্য তিনি সবাইকে আহবান জানিয়ে তিনি বলেন, যে শহরে যত বেশি সাইকেল সে শহর ততবেশি স্মার্ট।
২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী স্মার্ট সিটি ক্যাম্পেইন এর প্রাক-প্রচারণার অংশ হিসেবে ইউএনডিপি, এটুআই এবং নগর স্টেকহোল্ডারদের যৌথ আয়োজনে ‘‘রাইড স্মার্ট, লিভ স্মার্ট’’ র্যালিতে অংশ নিয়ে অধ্যাপক জাফর ইকবাল এই আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশিকুর রহমান, নগর বিশেষজ্ঞ – ইউএনডিপি, বিডিসাইক্লিস্ট এর মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী।
বিডিসাইক্লিস্ট এর সার্বিক ব্যবস্থাপনায় আজ সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রায় ২ শতাধিক আরোহীর অংশগ্রহণে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক জাফর ইকবাল বলেন উন্নত বিশ্বে সকল বয়সের নাগরিকেরা আধুনিক বাহন হিসেবে বাই সাইকেল ব্যবহার করছেন। তিনি মনে করেন আমাদের দেশেও বাই সাইকেল হতে পারে সবচেয়ে জনপ্রিয়, পরিবেশবান্ধব, সহজলভ্য বাহন।
সম্মিলিত প্রয়াসে আধুনিক বাসযোগ্য নগর গড়ার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে আগামী ২৯ নভেম্বর (বুধবার) সপ্তাহব্যাপী স্মার্ট সিটি ক্যাম্পেইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিনদিনব্যাপী ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে চলবে ১লা ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত । আধুনিক বাসযোগ্য নগর গড়ার জন্য উদ্ভাবনী প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন (২৯ নভেম্বর – ১ ডিসেম্বর) সকাল ১০ – বিকাল ৫ টা পর্যন্ত ।
সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইনে ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ সহ হ্যাকাথন, মতবিনিময়, তৃণমূল সংলাপ, রংতুলিতে শিশুদের স্বপ্নের শহর, ছবি প্রদর্শনী, ঘুড়ি উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই প্রচারণার উদ্দেশ্য নাগরিক বান্ধব বিভিন্ন সেবা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান আধুনিক ও দক্ষ পদ্ধতি এবং নব নব উপায়ে কিভাবে সুলভে এবং স্বল্প সময়ে নগরবাসীকে প্রদান করা যায় – সে বিষয়ে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপনা তুলে ধরা।
এই আয়োজন প্রথমবারের মত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি-খাত, নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা ও তরুণ উদ্যোক্তাসহ বিশেষভাবে নগরবাসীকে ’স্মার্ট সিটি’ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা বিনিময়ের সুযোগ করে দেবে।
বিস্তারিত জানতে স্মার্ট সিটি ক্যাম্পেইন ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে: http://smartcitybangladesh.net/







