ছোট ফরম্যাটে মুখোমুখি দেখায় নবম ম্যাচে এসেছে প্রথম জয়। দ্বিতীয়টির সুযোগ এসেছিল দুবার, সপ্তাহের ব্যবধানেই। দিল্লির পর রাজকোটে জয়ের খোঁজ মেলেনি, রোববার মিলল না নাগপুরেও। তাতে বাংলাদেশের ক্রিকেটাকাশে অনেক প্রথমের নামাঙ্কিত তারার মিছিল দীর্ঘ হয়নি। আবার এই ভারত সফরেই বেশকিছু প্রথমের দেখাও পেয়েছে টিম টাইগার্স।
রোববার নাগপুরে সিরিজের শেষ তথা তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতের কাছে ৩০ রানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে বগলদাবা করেছে রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে এগিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে ঘুরে দাঁড়ানোর পর সিরিজটাই রেখে দিল স্বাগতিকরা।
২০০৬ সালে টি-টুয়েন্টি শুরু করা বাংলাদেশের জন্য এটি ৯২তম ম্যাচ ছিল ছোট ফরম্যাটের সংস্করণে। একশর কম ম্যাচ খেলা টাইগাররা টি-টুয়েন্টিতে জিতেছে মোট ৩০বার। ভারতের বিপক্ষে সবে একবার। এই সিরিজেই, দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে।
জয়ের ধারাবাহিকতা টানা যায়নি। তবে সবেধন ওই জয়ই এনে দিয়েছে বেশকিছু প্রথমের স্বাদ। ভারতের মাটিতে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম জয় মিলেছে, দিল্লিতে। দেশটির বিপক্ষে টি-টুয়েন্টিতেই প্রথম জয় সেটি। শচীন-সৌরভদের দেশের বিপক্ষে টাইগারদের ছোট ফরম্যাটে জয় এনে দেয়া প্রথম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দেশটির মাটিতে দেশটির বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের দলপতিও তিনিই।
এমন অল্পকিছু প্রথমের প্রাপ্তিতে আটকে থাকতে হচ্ছে। কারণ সিরিজ হারা সারা! তবে দ্বিতীয় জয়ের দেখা পেলে মিলত আরও কিছু প্রথমের অর্জন। সিরিজ জিততে পারলে সেটি হতো ভারতের মাটিতে টাইগারদের প্রথম কোনো সিরিজ জয়ের গৌরব। টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় তো বটেই, যেকোনো ফরম্যাটেই দেশটির মাটিতে প্রথম কোনো সিরিজ জয়ের কীর্তি গড়া হতো। সেই ইতিহাস রচিত হতো আবার তাদের মাটিতে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেয়েই।
প্রথমের শেষ সেখানেই থামত না! উপমহাদেশের প্রথম কোনো দল হিসেবে ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জয়ের গৌরবেও নাম লেখাতে পারত বাংলাদেশ।
সেটি হতো সিংহের ডেরায় ঢুকে বাঘেদের গ্রাস কাড়ার মতো ব্যাপার! সাম্প্রতিক সময়ে ভারতের যে ফর্ম, ব্যাটে-বলে যে ঝলকানি, তাতে তো তাদের মাঠের ক্রিকেটে দাপুটে সিংহই বলা যায়!
রোহিত-ধাওয়ানদের ডেরায় ঢুকে, কোহলি-বুমরাহ-পান্ডিয়া বিহীন ভারতের বিপক্ষে সেই গ্রাস আর কাড়া হল না। যতটা না প্রতিপক্ষের দাপটে, তার চেয়েও বেশি নিজেদের কাজগুলো নিজেরা ঠিকঠাক করতে না পারায়।
ভারতের মাটিতে এমনিতেই সিরিজ খেলার সুযোগ মেলে না। টেস্ট মর্যাদা প্রাপ্তির ১৯ বছরের শেষে এসে প্রথম ডাক পড়ল পূর্ণাঙ্গ সিরিজ খেলার, যাতে তিন টি-টুয়েন্টি আর দুই টেস্টের লড়াইয়ের ডাক পড়েছে। আবার কবে এমন ডাক আসবে, আবার কবে সিরিজের প্রথম ম্যাচেই জিতে প্রতিপক্ষের স্নায়ুর পরীক্ষা নেয়ার সুযোগ মিলবে, সেটি আপাতত অনেক দূরেরই হিসাব।
সুযোগ যদিও একেবারে শেষ হয়ে যায়নি। টি-টুয়েন্টি তো গেলই, টেস্টে ঝলক দেখিয়ে কিছু প্রাপ্তি নিয়ে ফেরার সুযোগ এখনও আছে টিম টাইগার্সের।








