ফার্নিচারের দোকানি থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া তিনজনকে টাঙ্গাইলে ভূয়াপুর থেকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব।
র্যাব-৩ জানায়, উগ্র মতাদর্শে বিশ্বাসী একটি দল কথিত বড় হুজুর ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের পুর্ণগঠনের কাজে নিয়োজিত ছিল।
বৃহস্পতিবার কাওরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।
গ্রেফতারকৃতরা হলো মো: আব্দুল মান্নান(৩০), মো: শমসের ফকির (৩৩) ও জহুরুল খাঁ (৩৫)।
র্যাব-৩ অধিনায়ক বলেন, আসামী শমসের ও জহুরুল খাঁ টাঙ্গাইলের ভূয়াপুরে একটি ফার্নিচারের দোকান দেয়, সেখানে স্থানীয় দুই যুবকের সঙ্গে তাদের পরিচয় হয়।
তখন বড় হুজুর ওরফে ইমাম মেহেদী তাদের উদ্বুদ্ধ করে এবং শমসের ফকিরের দায়িত্ব ছিল সারোয়ার-তামিম গ্রুপের নতুন অংশ ব্রিগেড-আদ্-দার-ই-কুতনী’র জন্য ফান্ডের ব্যবস্থা করা।
তুহিন মোহম্মদ মাসুদ আরো বলেন, আসামী মান্নান ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ফার্নিচারের কাজ করত, পরে সে টাঙ্গাইলের ভূয়াপুরে অন্য ফার্নিচারের মালিক জহুরলের সঙ্গে কাজ শুরু করে। পরে পাশের দোকানের মালিক শমসের ও তার দোকানের মালিক জহুরুল তাকে প্রাথমিকভাবে দ্বীনের দাওয়াত দেন।
জঙ্গিবাদের জড়ানোর পর তাদের ব্যবসার একটা লভ্যাংশ নিয়মিতভাবে জিহাদের কাজে ব্যয় করত বলেও জানান র্যাব -৩ অধিনায়ক।










