বাংলাদেশ যুব গেমসের ফুটবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। আর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী। ঢাকা ৩-১ গোলে ময়মনসিংহ এবং রাজশাহী ৪-১ গোলে সিলেটকে হারায়।
বুধবার বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ঢাকা। ১৬ মিনিটের সময় নিজেদের জালে বল জড়িয়ে দেন ময়মনসিংহের ময়না। দুই মিনিট পর অবশ্য ময়নার গোলেই সমতায় ফিরেছিল ময়মনসিংহ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে শাহিদা ও ৮৮ মিনিটে রত্মার গোলে চ্যাম্পিয়ন নিশ্চিত হয় ঢাকার।
একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের ম্যাচে প্রায় একতরফা জয় পায় রাজশাহী। দলের হয়ে ৩৩ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন পিয়াস। এছাড়া ৬৫ মিনিটে সজীব এবং ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আকাশ। মাঝে ৬১ মিনিটে সিলেটের হয়ে একটি গোল শোধ করেন আজাস।








