যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশ। দু’জন বাদে অনূর্ধ্ব-১৯ দলটির সবাই নতুন। তবে অভিজ্ঞতার অভাব থাকলেও টুর্নামেন্টে অংশ নেয়া অন্য সাত দলের চেয়ে নিজেদের কোন দিক দিয়েই পিছিয়ে রাখছে না টিম ম্যানেজমেন্ট।
চলতি বছরের প্রথম চমক ছিল অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স। যুব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
এবারের দলটি নতুন। পুরোনো বলতে অধিনায়ক সাইফ হাসান এবং পেসার আব্দুল হালিম। সহ-অধিনায়কের দায়িত্বে আছে বিপিএল সিজন ফোর’এর অন্যতম আকর্ষণ আফিফ হাসান ধ্রুব। ১৫ জনের স্কোয়াড সাজানো হয়েছে চার পেসার, লেফট-আর্ম স্পিনার, অফ-স্পিনার আর ছয় ব্যাটসম্যান নিয়ে।
প্রথমবার বিদেশের মাটিতে এতো বড় টুর্নামেন্ট। একে সামনে রেখেই গত বছর আগস্ট থেকে কক্সবাজার, বিকেএসপি এবং মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ, দু’টোই চলছে সমান তালে।
সব দেশেরই অনূর্ধ্ব-১৯ দলটি পরিবর্তনশীল। তাই প্রতিপক্ষদের সম্পর্কে জানার সুযোগ কম।
টুর্নামেন্টে আট দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং সিঙ্গাপুরকে। ১৩ ডিসেম্বর দুপুরে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশের যুবারা।







