পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের মসূয়া গ্রামে। জন্ম কলকাতায় ১৯২১ সালে। বাবা ছড়াকার সুকুমার রায়, মা সুপ্রভা দেবী, পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। সত্যজিৎ রায় একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সংগীত পরিচালক ও গীতিকার। এ ছাড়াও, আরো নানা গুণে ও পরিচয়ে তিনি পরিচিত। তাঁর অসংখ্য চলচ্চিত্র বিপুল দর্শকপ্রিয় হয়। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার, যা আমারা ‘অপু ত্রয়ী’ নামে চিনি, তাঁর জীবনের তিনটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ব্যাপক সমাদৃত।বাংলা সাহিত্যে তাঁর অবদান, অমর চরিত্র, গোয়েন্দা ফেলুদা, বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। লিখেছেন অসংখ্য উপন্যাস ও গল্প। যা আজও জনপ্রিয়। মৃত্যুর কিছুদিন আগে পেয়েছিলেন অস্কার পুরস্কার।দেশে-বিদেশে অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত। ১৯৯২ সালের ২৩ এপ্রিল ৭০ বছর বয়সে সত্যজিৎ রায় কলকাতায় মারা যান।







