কিছুই বদলায়নি। প্রায় তিনদিনে ৩৩৯ রান করতে যে ধরনের নিবেদন দরকার, তার ছিটেফোঁটাও চোখে পড়েনি বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে।
প্রথম ইনিংসে প্রথম চার উইকেট গিয়েছিল ৪৩ রানে। তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে ফিরেছেন তামিম (২), ইমরুল (১৭), মুমিনুল (৩৩) এবং লিটন (১২)।
এরপর রিয়াদকে নিয়ে মুশফিক জুটি গড়ার চেষ্টা করেন। অবশেষে সেই রিয়াদ (৬) ফেরেন দলীয় শতরানের মাথায়।
এর আগে সকালে নবম উইকেটে রোশেন এবং লাকমাল এই ম্যাচের দ্বিতীয় সেরা জুটি গড়ে যান! শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সপ্তম উইকেটে ৫২ রান যোগ করেছিল। মিরপুরে এর বেশি রান কোনো জুটিতে উঠল না। এই ইনিংসে রোশেন-লাকমালের অবদান ৪৮। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ জুটি ৩৪ রানের।
শনিবার উইকেটের অবস্থা আরোও ভয়ঙ্কর হয়ে উঠেছে। জায়গায় জায়গায় ছোট ছোট ফাটল চোখে পড়েছে। মিরাজের প্রথম ওভারেই বিশাল একটি টার্ন দেখা গেছে। সেটা বোলারের কৃতিত্ব নয়। ওই ‘গর্তে’র।
এই মাঠে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই। সব মিলিয়ে বাংলাদেশও কোনোদিন টেস্টে এত রান তাড়া করে জিততে পারেনি। এর আগে একবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২১৭ রান তাড়া করে জিতেছিল মুশফিকরা।







