ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ৬০ কি.মি এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আজ ভোর রাত থেকেই ঐ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে অর্বনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
উত্তরবঙ্গগামী শীতল পরিবহনের চালক মুখলেছুর বলেন, চন্দ্রা থেকে টাঙ্গাইলের দেড় ঘন্টার রাস্তা এসে পৌঁছাতে ১০ ঘন্টা লেগেছে। গত দশ বছরেরও এমন যানজটের কবলে কখনো পরিনি। এই অসহনীয় যানজটে সব থেকে মহিলা ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শাহাজাদপুরগামী যাত্রীবাহী বাসের যাত্রী সেলিনা বলেন, এই যানজটের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। নারীদের জন্য এই যানজট দোজখ ছাড়া কিছুই নয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটুয়ারী বলেন, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা অভিমুখে যাওয়ায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে । গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে এবং খালি ট্রাকগুলি ফিরে আসায় রাস্তার উভয় পাশে গাড়ি ধীর গতিতে চলছে ।
অন্যদিকে সকালের দিকে কয়েকটি স্থানে ছোট ছোট সড়ক দুর্ঘটানার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপের মুখে পড়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মাহবুব আলম বলেন, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ যানজটের অন্যতম কারণ। আগে যেখানে প্রতিদিন সাত থেকে দশ হাজার গাড়ি চলাচল করতো গতকাল থেকে তা বেড়ে প্রায় বিশ হাজারে পৌঁছেছে। দুই লাইনের রাস্তা হওয়ায় এই বিপুল সংখ্যক গাড়ির চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে। যানজট নিরসনে জেলা পুলিশের অতিরিক্ত ৪ পুলিশ সুপারের অধীনে ৪ ভাগে ৭৫০ জন পুলিশ আজ রাত থেকেই কাজ শুরু করবে।
বাস চাপায় বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় বাস চাপায় বাচ্চু মিয়া নামের (৫০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভূঞাপুর উপজেলার খড়ক গ্রামের মৃত রিয়াজউদ্দীনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, ভূঞাপুর উপজেলার খড়ক গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া বেলা আড়াইটার দিকে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় পৌঁছে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবার নিহতের লাশ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।








