আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দুই টেস্টের সিরিজ খেলতে আগামী সপ্তাহের শুরুতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। সফরের জন্য বুধবার ১৮ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সিরিজ সামনে রেখে আগেই ১৮ জনের দল নির্বাচন করেছিল শ্রীলঙ্কা বোর্ড। সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ছিল স্কোয়াড।
সেই দল থেকে চূড়ান্ত স্কোয়াডে একটি পরিবর্তন এসেছে। রোশেন সিলভার জায়গায় টাইগার ডেরায় আসছেন কামিন্দু মেন্ডিস।
সফরকারীদের নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। পিঠের চোটের কারণে জায়গা পাননি ওপেনার পাথুম নিশাঙ্কা।
৮মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। আসল লড়াইয়ের আগে সাভারের বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ১০ ও ১১মে হবে ম্যাচটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩মে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফের্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিল মিশারা, নিরোশান ডিকেভেল্লা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া, সুমিন্দা লক্ষ্মণ, কামিন্দু মেন্ডিস।







