চট্টগ্রাম থেকে: চতুর্থ দিনের সকালে ৯ রান করার পরই লিড বাড়তে থাকবে শ্রীলঙ্কার। বাংলাদেশের ৫১৩ রান টপকে সফরকারীরা কত রান লিড নেবে সেটির উপরই নির্ভর করছে ম্যাচের ফল। চট্টগ্রাম টেস্টে তিন উইকেট হারিয়ে ৫০৪ রান তোলা লঙ্কানরা অবশ্য দূরের পথেই হাঁটতে চায়, যার ইঙ্গিত মিলল ব্যাটিং কোচ থিলান সামারাবীরার কথায়।
‘আমরা লিড নিয়ে ভাবছি না। চাইব যতক্ষণ পর্যন্ত খেলা যায়। চতুর্থদিনে প্রথমত প্রথম সেশন পার করতে চাইব। তারপর দেখা যাবে। প্রথম দুটি সেশন গুরুত্বপূর্ণ। জুটি ধরেই এগোতে হবে। কারণ ম্যাচের সীমা আরও ১৮০ ওভার (দুই দিন) পর্যন্ত। আমাদের দুর্দান্ত তিন স্পিনার আছে। বাংলাদেশ ৫১৩ রান করার পর ড্রেসিংরুমে দলকে বলছিলাম, আমরা শুধু ব্যাটিংটাই করে যাব। দুজন ব্যাটসম্যানই থিতু হয়ে দিন শেষে করেছে।’
১৩৮ ওভার বল করে শ্রীলঙ্কার মাত্র তিনটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। দলীয় রান পাঁচশ ছাড়িয়েছে। ৭ উইকেট হাতে রেখ লঙ্কানরা পিছিয়ে মাত্র ৯ রানে। কুশল ১৯৬, ধনঞ্জয়া ১৭৩ করে ফিরলে হাল ধরেছেন রোশেন সিলভা ও অধিনায়ক চান্দিমাল। সিলভা সেঞ্চুরি (৮৭*) ও চান্দিমাল ফিফটির (৩৭*) আশা জিইয়ে রেখে দিন শেষ করেছেন।
লঙ্কানদের ছয়শ’র পথে যাওয়ার সম্ভাবনা তৈরিতে অবদান রাখে দ্বিতীয় উইকেটে কুশল-ধনঞ্জয়ার ৩০৮ রানের জুটি। দুজনের উচ্ছ্বসিত প্রশংসা করলে সামারাবীরা, ‘পুরো কৃতিত্ব ওদের দেয়া উচিত। শূন্য রানে উইকেট হারানোর পর তাদের তিনশ’র উপরে জুটি দারুণ ছিল।’
৪ রানের জন্য ডাবল সেঞ্চুরির সুযোগ হারান কুশল মেন্ডিস। সেটি আক্ষেপ হয়ে থেকেছে সামরাবীরার কাছেও, ‘আমি জানি সে (কুশল) খুব হতাশ। যদি সে ডাবল সেঞ্চুরি পেত। ২৩ বছর বয়সী ছেলেটার জন্য সেটি হতো বিশেষ কিছু।’
শুক্রবারই ২৩ বছরে পা রেখেছেন কুশল। জন্মদিনে ডাবলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানকে। তাইজুলের বলে মিডউইকেটে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দলের রান চারশ পেরিয়ে যাওয়ার পর।








