নিজ নিজ মাঠে খেলা। বড় ব্যবধানে জয় পাওয়ার সুযোগ ম্যানচেস্টার সিটি ও চেলসির সামনে! সিটিজেনরা সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। ব্রাইটন এন্ড অ্যালবিওনের জালে জড়িয়েছে এক হালি গোল। সমান গোল হয়েছে চেলসির মাঠেও। কিন্তু দুর্ভাগ্য পেয়ে বসেছে দলটিকে। শেফিল ইউনাইটেডের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্লুজরা বাধ্য হয়েছে ড্র মানতে।
ইতিহাদ স্টেডিয়ামে মাত্র দ্বিতীয় মিনিটে ম্যানসিটির হয়ে গোলখাতা খোলেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। বিরতির আগে ৪২ মিনিটে তার সঙ্গে আরেক গোল যোগ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন আগুয়েরো। ৭৯ মিনিটে হালি পূর্ণ হয় বের্নাদো সিলভা গোল পেলে। স্কোর দাঁড়ায় ৪-০!
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল চেলসি। ১৯ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে ব্লুজদের বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম।
কিন্তু বিরতি থেকে ফেরার পরপরই যেন পাশার দান উল্টে দেয় শেফিল্ড। ৪৬ মিনিটে এক গোল শোধ দেন কালাম রবিনসন। এরপর খেলার নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতেই নিজেদের জালে বল জড়িয়ে চেলসির সর্বনাশ করেন কার্ট জুমা! স্কোর দাঁড়ায় ২-২!







