সার্জিও আগুয়েরো ও লেরয় সানের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের মাঠে ২-০ গোলে জিতেছে সিটিজেনরা। রাতের অন্য ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে এভারটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে টটেনহ্যাম হটস্পার।
রোববার রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে লিগে টানা ষষ্ঠ জয়ের ম্যাচে ৪২ মিনিটে প্রথম গোলটি পায় ম্যানসিটি। সিলভার ক্রস থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আগুয়েরো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টাইন তারকার এটি ২৩তম গোল।
পরে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটিজেনরা। এই গোলের উৎসও সিলভা। স্টার্লিংয়ে বাড়ানো বল সিলভাকে খুঁজে পেলে সেটি ঠেলে দেন সানের দিকে। জার্মান মিডফিল্ডার কোনাকুনি শটে গোল করতে ভুল করেননি। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
অন্য ম্যাচে, ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের জোড়ার সঙ্গে ডেলে আলির গোল টটেনহ্যামকে জয় এনে দিয়েছে। ঘরের মাঠ লন্ডনের হোয়াইট হার্ট লেনে ২০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কেন।

মধ্যবিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই কেন’ই। এরপর ৮১ মিনিটে রোমেরো লুকাকু একটি গোল ফিরিয়ে দিলে ম্যাচ জমে উঠেছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলি এভারটনের জাল খুঁজে নিলে অতিথিদের আশা শেষ হয়ে যায়। যোগ করা সময়ে এনার ভ্যালেন্সিয়ার গোল তাই টটেনহ্যামকে ভোগাতে পারেনি।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল টটেনহ্যাম। আর ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।







