প্রথম দুই দিনে বেঙ্গালুরুতে পুনের বিপদ দেখছিল কোহলির ভারত। তৃতীয় দিনে এসে সেই বিপদ কাটিয়ে উঠেছে দলটি। ৬ উইকেট হাতে রেখে পূজারাদের লিড ১২৬।
ভারত প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরেছিল। দ্বিতীয় টেস্ট তাই টিম ইন্ডিয়ার কাছে বেশ চ্যালেঞ্জের। কোহলি টস জিতে সেই চ্যালেঞ্জটা নিতে আগে ব্যাট করেন। কিন্তু ম্যাচের মেজাজে তিনি ও তার সতীর্থরা রং লাগাতে ব্যর্থ হন। ভারত গুটিয়ে যায় ১৮৯ রানে। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৭৬ রান তোলে। সোমবার ম্যাচের তৃতীয়দিন হওয়ায় ভারতীয় ব্যাটসম্যানরা বেশ সতর্ক হয়ে খেলতে থাকেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২১৩। মঙ্গলবার দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৭৯) এবং অজিঙ্কা রাহানে (৪০)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারেনি মূলত রবীন্দ্র জাদেজার কারণে। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের কাজটা সহজ করে দেন তিনি।
দ্বিতীয় দিনে ৪৮ রানের লিড নিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্রিজ ছেড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে দুই অপরাজিত ম্যাথু ওয়েড ২৫ ও মিচেল স্টার্ক ১৬ রানে উইকেটে আসেন। স্টার্ক নামের পাশে আর দশ রান যোগ করে অশ্বিনের বলে ক্যাচ দেন। বেশিক্ষণ থাকতে পারেননি ওয়েডও। ৪০ রানে জাদেজার বলে এলবিডব্লিউয়ে কাটা পড়েন তিনি। এরপর লায়ন ও হ্যাজেলউডকে ঝটপট তুলে নিয়ে লেজটা মুড়ে দেন জাদেজা। ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট তার। অশ্বিনের ২টি।
জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক কোহলির কাছ থেকে আশানুরূপ সার্ভিস পায়নি ভারত। ৮৪ রানে দল দুই উইকেট হারালে হাল ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু হ্যাজেলউড তাকে এলবিডব্লিউ বানিয়ে সাজঘর দেখান। ফেরার আগে করতে পারেন ১৫। প্রথম ইনিংসে করেছিলেন ১২।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনীতে ভারতের মুখে হাসি ফোটান লোকেশ রাহুল। প্রথম ইনিংসে সবাই যেখানে ব্যর্থতার মিছিলে নাম লেখান, তিনি সেখানে ৯০ রানের কাব্যিক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১।










