টাইগার ডেরায় নিল ম্যাকেঞ্জি যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝপথে। অল্প কয়েকদিনের আলাপেই বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শককে মনে ধরেছে তামিম ইকবালের। বাঁহাতি ওপেনার মনে করছেন প্রোটিয়াদের সাবেক ব্যাটসম্যানের থেকে শেখার সুযোগ থাকবে অবারিত।
‘আমার কাছে মনে হয় তার(ম্যাকেঞ্জি) বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যতদিন কাজ করেছি আমার মনে হয় হয়েছে সে দারুণ একজন কোচ। সে যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করে, আমার কাছে মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। আমি ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি তার সাথে কাজ করার জন্য।’
‘সে আমাকে যেসব কথা বলেছে তা খুবই ভালো লেগেছে। যদি আমি তার কথাগুলো শুনে নিজেকে আরও শানিত করতে পারি, তাহলে আরও ৫-১০ শতাংশ উন্নতি করতে পারবো। ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি তার সাথে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একইরকম ভাবে চিন্তা করবে।’ -যোগ করেন তামিম।

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে ৬ দলের এশিয়া কাপ। আসরটি সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ২৭ আগস্ট। ক্যাম্পের শুরু থেকেই সাকিব-তামিমদের সঙ্গে থাকবেন সাউথ আফ্রিকার সাবেক এ ব্যাটিং জিনিয়াস।







