পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে একরকম দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ঘরের মাঠে অজিদের ৪-১ ব্যবধানে হারিয়ে গেছে ইংলিশরা। নিজের দলকে এভাবে ধসিয়ে দেয়া সফরকারীদের অফুরান প্রশংসাই করছেন গ্লেন ম্যাকগ্রা। অজি কিংবদন্তির মতে, ২০১৯ বিশ্বকাপটা জিতবে ইংলিশরাই।
শুধু সিরিজ জয়ই নয়, প্রতি ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে সমস্যায় ফেলেছে ইংল্যান্ড; সেটাই ম্যাকগ্রাকে বেশি করে আকৃষ্ট করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সিরিজে দলে ছিলেন না ইংল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় বেন স্টোকস। মারামারিতে জড়িয়ে দলের বাইরে থাকা ‘ব্যাড বয়’ অবশ্য নিউজিল্যান্ড সফরেই ফিরবেন। তিনি ফিরলে ইংল্যান্ড দল যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।
গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘটেছিল ইংল্যান্ডের। বাংলাদেশের কাছে হেরে। এরপরই পুরো ওয়ানডে প্রক্রিয়াটা পরিবর্তন করে ফেলে দেশটির বোর্ড। নিজেদের ওয়ানডে ইতিহাসে এখন সর্বোচ্চ ফর্মে আছে তারা।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে লেখা এক কলামে ম্যাকগ্রা বলেছেন, আগামী বিশ্বকাপে ইংল্যান্ডই ফেভারিট, ‘ওয়ানডেতে ইংল্যান্ডের সাম্প্রতিক যে ছন্দ দেখেছি, তাতে আগামী বিশ্বকাপে তাদেরকে ফেভারিট বলতেই হবে।’
পরিসংখ্যান টেনে অজিদের গ্রেট সাবেক পেসার বলেন, ‘সবশেষ ২২টি ওয়ানডের মধ্যে ১৯টিতেই জিতেছে ইংল্যান্ড। যদি তারা এই ধারাবাহিকতা এবং এনার্জিটা (ব্যক্তিগত ও দলীয়) ধরে রাখতে পারে, তাহলে ঘরের মাঠে তাদের হারানো কঠিন হবে। তারাই জিতবে বিশ্বকাপ।’









