সারাদেশ থেকে সংগৃহিত মৌসুমী ফলমূলের নমূনা পরীক্ষায় কোন ফরমালিনের উপস্থিতি পায়নি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট বিএসটিআই।
রমজানে নিত্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই চালিত বিশেষ কার্যক্রম তুলে ধরতে শিল্পমন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রমজানে ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে পুরো রমজান মাস জুড়ে ঢাকাসহ সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে শিল্পমন্ত্রণালয়।
ইতিমধ্যে ১৮৩টি পণ্যের নমূনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পাঠানো হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী জানিয়েছেন যেসব প্রতিষ্ঠান নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
চলতি অর্থবছরের ১১মাসে ভেজালবিরোধী অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা আদায়সহ ৩৯টি প্রতিষ্ঠান সিলগালা ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমান আদালত।









