কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাইকে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রুপন বণিক ওরফে ওমর ফারুক শহরের বত্রিশ এলাকার মৃত মধু চন্দ্র বণিকের ছেলে।
পুলিশ জানায়: হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণকারী ওমর ফারুক পূর্ব তারপাশা এলাকায় শ্বশুর আবু বাক্কারের বাড়িতে স্ত্রী শারমিনকে নিয়ে বসবাস করত। দুপুর ১২টার দিকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে শ্বশুরের সাথে তার তর্ক হয়। এক পর্যায়ে বাড়ির সামনে রাস্তায় ধারালো দা নিয়ে সৎ মেয়ের স্বামী ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে আবু বাক্কার।
ঘটনার পরপরই আবু বাক্কার পালিয়ে যায়। পুলিশ, র্যাব ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









