২০২৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে। মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২০২৭ সালের চক্রে মেয়েদের ইভেন্টের আয়োজক দেশের নাম চূড়ান্ত করেছে সংস্থাটি।
আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকায়। ২০২৪ এর সেপ্টেম্বর-অক্টোবরে মিরপুর ও সিলেটে হবে ১০ দলের বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টে ম্যাচ ২৩টি।
এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ওই সময়ে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হতো একসঙ্গেই।
দশ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে হতে চলেছে বিশ্বকাপ। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ২০২৬ সালে ইংল্যান্ডে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৭ সালে শ্রীলঙ্কায় হবে ৬ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি।
বিশ্বকাপ আয়োজনের আগে মেয়েদের এশিয়া কাপও হবে বাংলাদেশ। এ বছরের অক্টোবরে সিলেটে হওয়ার কথা এশিয়া কাপ।









