গোলাম মোস্তফা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ‘ডাকাত’ নিহত হয়েছে। বুধবার রাত ২টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোঁখতোলার মাঠ নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শার্টারগান, একরাউন্ড বন্দুকের গুলি, দুটি দেশীয় অস্ত্র ও ২১ হাত দড়ি উদ্ধার করেছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোঁখতালা মাঠ নামক স্থানে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি করে পুলিশও পাল্টা গুলি করে। পরে অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
আহতবস্থায় তাকে গাংনী থানায় নেয়া হলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে গাংনী থানা পুলিশের এসআই বকতিয়ার হোসেন ও কনষ্টেবল আব্দুল হক আহত হয়েছে। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।







