খাদের কিনারা থেকে দলকে একাই টেনে তুললেন মেহেদী হাসান। খেললেন ৫৮ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস। অসাধারণ এক জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডানকে স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টির সুপার লিগে প্রথম জয়ের স্বাদ পেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মেহেদীর ঝড়ো ইনিংসে গাজী গ্রুপ ১৬৬ রান তাড়া করে ম্যাচ জেতে ৩ উইকেট ও ৩ বল হাতে রেখে। মেহেদী তিনটি ছয়ের সঙ্গে বাউন্ডারি মারেন ১১টি। জয় থেকে যখন ৫ রান দূরে, আউট হয়ে যান এ ওপেনার। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান।
মোহামেডান স্পিনার আসিফ হাসান নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও ইয়াসিন আরাফাত।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালের ম্যাচে শুভাগত ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে লড়াকু পুঁজি (১৬৫/৬) পায় মোহামেডান।
সাদা-কালো জার্সিধারীদের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে খেলেন ৪১ রানের ইনিংস। শুভাগতর ৩১ বলে ৫৯ রানের ক্যামিও ইনিংসে সংগ্রহ বড় করে মোহামেডান।
ম্যাচসেরা মেহেদী হাসান। রাকিবুল আতিক ও মহিউদ্দিন তারেক নেন দুটি করে উইকেট।








