সেরা ফুটবলার কে? আশি দশকের আর্জেন্টিনার দিয়াগো ম্যারডোনা নাকি এই দশকে আর্জেন্টিনার উজ্জ্বল তারকা লিওনেল মেসি। বিতর্ক-বিশ্লেষণ চলছেই। তবে মেসিকেই বিশ্বসেরা খেলোয়াড় মনে করেন ম্যারাডোনা। তবে মেসির চেয়ে তার করা গোলগুলো অনেক বেশি সুন্দর বলেও দাবি করেন ওই ফুটবল লিজেন্ড।
মেসি নাকি রোনালদো কে সেরা? সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনা ওই মন্তব্য করেন।
ম্যারাডোনা বলেন, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। এতে কোন সন্দেহ নেই। সে তার নিজস্ব স্টাইলে খেলে থাকে। আর সে নিজস্ব স্টাইলে গোলও করে। আমিও আমার স্টাইলে খেলেছি এবং নিজস্ব স্টাইলে গোলও করেছি। তবে মেসির চেয়ে আমার গোল অনেক বেশি সুন্দর।’
১৯৭৭ থেকে ১৯৯৪ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা। ৯১ ম্যাচে গোল করেছেন ৩৪টি। পায়ের জাদুতে ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন ম্যারাডোনা।
তবে আর্জেন্টিনা দলের হয়ে মেসিও কম যান না, পরিসংখ্যানের দিক দিয়ে ইতিমধ্যে ম্যারাডোনাকে ছাড়িয়েও গেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে অংশ নিয়ে ৪৫ গোল করেছেন মেসি।





