মেসি-নেইমার ফিরতেই অপ্রতিরোধ্য রূপ ধারণ করেছে বার্সেলোনা।
দুই সাউথ আমেরিকানের সঙ্গে ক্রোট তারকা ইভান রাকিটিচের গোলে এএস রোমার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে কাতালানরা।
কোপা আমেরিকার পর বিশ্রামে ছিলেন মেসি-নেইমার। তাদের অনুপস্থিতিতে টানা তিন ম্যাচে হারে বার্সা।
অবশেষে জুয়ান গাম্বার কাপে ফিরেই দলকে পুরনো ছন্দে আনলেন এমএন জুটি।
ক্যাম্প ন্যু’তে খেলার শুরু থেকেই রোমার ডিফেন্সকে নাচিয়ে ছাড়েন বার্সার থ্রি-স্টার মেসি-নেইমার-সুয়ারেজ। ২৬ মিনিটে বার্সাকে প্রথম এগিয়ে দেন নেইমার। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নির্বাচিত নতুন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়া মেসি।
প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবল খেলে লুইস এনরিকের দল। ৬৬ মিনিটে বার্সাকে তৃতীয়বার এগিয়ে দেন ক্রোইশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। ডি-বক্সের ২৫ গজ দুর থেকে বুলেট শটে গোল করেন তিনি।
রাতের অন্য ম্যাচে জাপানি ক্লাব সাগান তোসুকে পেনাল্টিতে ১-৪ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো।






