লিওনেল মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়েকানোকে ৫-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে কাতালানরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে গুছিয়ে খেলতে পারছিল না মেসি নেইমার সুয়ারেজরা।
তবে ম্যাচের ২২ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন রাকিটিচ। রবার্তোর ক্রস থেকে সহজ গোলটি করে স্কোর শিটে নাম লেখান তিনি।
এর দুই মিনিট পরেই নেইমারের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
বিরতির পর ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। সুয়ারেসের জোরালো শট পোস্টে লেগে ফিরলে বল পেয়ে জালে জড়ান আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচের ৫৭ মিনিটে রায়োর হয়ে একমাত্র গোলটি করেন মানুচ্চো।
ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সুয়ারেজ। তবে ততক্ষণে ২ লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয়েছে রায়ো ভায়েকানো।
ম্যাচের ৭২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। মাঝ মাঠের কিছুটা ভিতর থেকে বল পায়ে দৌড়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা।
লা লিগার এ মৌসুমে মেসির এটা ১৯তম গোল।
আর সবশেষ ৮৬তম মিনিটে স্কোরশিটে নাম লেখান আর্দা তুরান। ফরাসি ডিফেন্ডার জেরেমি মাথিউয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান তুরস্কের এই মিডফিল্ডার।
এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬১।






