রোনালদো, বেল ও বেনজেমা মিলে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের হয়ে করেছিলেন ২৮ গোল। আর এই মৌসুমে লিভারপুলের জার্সিতে সালাহ, মানে ও ফিরমিনো করেছেন ২৯ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হবেন আক্রমণের এই ‘ত্রিফলা’রা।
তবে আক্রমণে ত্রিমুখী লড়াই হলেও রোনালদো এবং সালাহই হবেন ফাইনালের মধ্যমণি। চলতি মৌসুমের শুরুতে গোলখরায় ভুগেছেন রোনালদো। কিন্তু শেষভাগে এসে টানা আট মৌসুমে ৫০ গোলের সামনে দাঁড়িয়ে। এই মৌসুমে সালাহও অবশ্য কম যাচ্ছেন না। এপর্যন্ত ৫২ ম্যাচে মিশরীয় তারকা করেছেন ৪৪ গোল।
কিয়েভের ফাইনালে অভিজ্ঞতা আর সব মিলিয়ে এগিয়ে থাকবেন রোনালদোই। তবে সালাহকে পিছিয়ে রাখছেন তার লিভারপুল সতীর্থ ডিজেন লভরেন। শিরোপা লড়াইয়ে নামার আগে পর্তুগিজ তারকার ঘোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে সালাহকে মেলালেন এ ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। লভরেন বলেছেন, মেসির সঙ্গেই সালাহ’র মিলটা বেশি।
‘মো (মোহামেদ) সালাহ এমন একজন খেলোয়াড় যিনি অনুশীলনেই সর্বোচ্চটা দেন। তিনি সঠিক সময় এবং সঠিক মুহূর্তে নিজের গতি বা খেলার গতি বাড়ানোর কথাটা ভালোভাবে জানেন। আমি এটা বলতে চাই, মেসির সঙ্গেই তার মিলটা বেশি’ -সিএনএনকে দেয়া সাক্ষাতকারে বলেন লভরেন।
বর্তমান ফর্মের বিচারে লভরেনের বিশ্বাস বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়ের একজন সালাহ, ‘সে দেখিয়েছে দলের জন্য কতটা ফিট। ৪৪ গোল করে সে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের সেরা তিনের একজন তিনি।’
ফাইনালে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের মোকাবেলা করতে হবে লভরেনদের। সেজন্য সেরা প্রস্তুতিই নিয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েট ডিফেন্ডার।
ফাইনালের আগে লভরেন যেমন সতীর্থ সালাহর পাশে দাঁড়িয়েছেন, তেমনি রোনালদো পাশে পাচ্ছেন তার কোচকে। ফাইনালে রোনালদো দুর্দান্ত খেলবেন বলেই প্রত্যাশা জিনেদিন জিদানের।
সালাহ দারুণ ফর্মে থাকলেও রোনালদোর সঙ্গে তুলনায় যেতে রাজি নন রিয়াল বস। সতর্ক করেছেন সিআর সেভেনের সমালোচকদেরও, ‘না, আমার ক্রিস্টিয়ানো আছে। আমি আমার খেলোয়াড়দের নিয়েই কথা বলি। একজন খেলোয়াড়ের কঠিন সময় আসতে পারে এটা রোনালদো জানে। এজন্যই সে সেরা। কিছু খেলোয়াড় চাপে খারাপ করে, বাকিরা ঠিক বিপরীত। সে তাদের একজন। আপনি যত তার সমালোচনা করবেন… সতর্ক থাকুন।’
সালাহর ফর্মের সঙ্গে দলের সেরা প্রস্তুতি থাকলেও ফাইনালে রিয়ালকে ফেভারিট মানছেন অনেকে। যে দলে আছেন লিভারপুল কোচ ক্লপও, ‘তারা (টানা) দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আবারও ফাইনালে পৌঁছেছে! বায়ার্ন মিউনিখ ভেবেছিল দুই ম্যাচেই (সেমিফাইনালের দুই লেগে) তারা তুলনামূলক ভালো দল ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দলটা ভালো হল?’








