ফুটবল

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঠিক ২০ বছর আগে বিশ্বকাপে আজকের তারিখে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। দুইদশক পর চিরতরুণ মেসি আবারও করলেন গোল। বিশ্বমঞ্চে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার গোলে যাত্রা শুভ শুরু বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আলবিসেলেস্তেবাহিনী।

ম্যাচের পাঁচ মিনিটেই লৌতারো মার্টিনেজের বাড়ানো বল জালে জড়ান মেসি। তবে এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার, অফ সাইডের ফাঁদের বাতিল হয় গোল। একই রূপ দেখে আলজেরিয়াও, আট মিনিটে ফারেস শাইবি এমিলিয়ানো মার্টিনেজের পাশ দিয়ে বল পাঠান জালে, এবারও অফ সাইডে বাদ হয় সে গোল। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডে পলের পাস, ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের মাঝে দিয়ে বল ভাসিয়ে জালে পাঠান মেসি। এরমধ্যে দিয়ে বিশ্বকাপে নিজের শেষ পাঁচটি ম্যাচে ৮টি গোলে অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার মধ্যে রয়েছে ৬টি গোল এবং ২টি অ্যাসিস্ট।

সার্বিয়ার বিপক্ষে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মেসি, সেসময় তার বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টাইনদের সবচেয়ে কম বয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন তিনি।

বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির গোলসংখ্যা এখন ১৪। যা তাকে জার্ড মুলার এবং কাইলিয়ান এমবাপের সঙ্গে তৃতীয় স্থানে রেখেছে। ১৬ গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসা শীর্ষে এবং ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে।

অর্ধের শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে সুবিধা করতে পারেনি। ১-০তে এগিয়ে বিরতিতে যায়।

বিষয়:আর্জেন্টিনা আলজেরিয়া প্রথমার্ধ ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…