ম্যাচের তখন সবে ১২ মিনিট। বামপ্রান্তে জর্ডি আলবাকে বল ঠেলে ভোঁ-দৌড় দিলেন লিওনেল মেসি। মুহূর্তেই সেটা ফেরত পাঠালেন আলবা। চুম্বক আকর্ষণে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়াতে মেসি ব্যবহার করলেন বাম পা। সঙ্গে দারুণ এক মাইলফলকও ছুঁয়ে ফেললেন। পরে সুয়ারেজ ও পাউলিনহোর একটি করে গোলে লেভান্তেকে ৩-০তে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে বার্সেলোনা।
লা লিগায় এবার ১৬ গোল হল মেসির। সঙ্গে বার্সেলোনার জার্সিতে ৪০০তম ম্যাচ খেলে করলেন ৩৬৫ গোল। আর্জেন্টিনা অধিনায়ক ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড। ইউরোপের সেরা পাঁচ লিগে কোন দলের হয়ে সর্বোচ্চ ৩৬৫ গোলের রেকর্ড এখন মুলারের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল জাদুকরেরও।
রোববারের এমন জয়ের পর ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট হল কাতালান দলটির। সমান ম্যাচে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৯। আর ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চারে।
ন্যু ক্যাম্পে বার্সা খেলেছে নিজেদের চেনা মেজাজেই। যার ফল ১২ মিনিটে মেসির ওই গোল। দুই মিনিট পর সুয়ারেজ সহজ সুযোগ হাতছাড়া না করলে তখনই ব্যবধান বাড়ে।

গোল হারানোর ঝাল ৩৮ মিনিটে তুলেছেন লুইস সুয়ারেজ। সার্জিও রবের্তোর ক্রসে বল পেয়ে নিজের ট্রেডমার্ক ‘বাইসাইকেল’কিকে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও লেভান্তেকে কোন ছাড় দেয়নি বার্সা। ৪৮ মিনিটে আইভি লোপেজের ২০ গজ দূর থেকে নেয়া শট দুর্দান্ত ক্ষিপ্রটায় ফিরিয়ে দিয়েছেন স্বাগতিক গোলরক্ষক টের স্টেগেন।

পরে ৭২ মিনিটে সুয়ারেজকে আবারও হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ওয়ের। বাঁ-পোস্টের বাইরে থেকে উরুগুয়ে তারকার শট কোনরকমে ফিরিয়ে দেন তিনি।
ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জাদু দেখিয়েছেন মেসি। লেভান্তের একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে তার নেয়া দৃষ্টিনন্দন ক্রস খুঁজে পায় পাউলিনহোকে। তাতে পা ছুঁয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন এই মৌসুমেই বার্সায় এসে দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার।









