জানাই ছিল তারাদের মিলনমেলা বসতে যাচ্ছে রোজারিওতে। বন্ধু লিওনেল মেসির বিয়ে উপলক্ষে শহরটিতে পা ফেলবেন তারা। সাবেক-বর্তমান অনেক বার্সেলোনা তারকাকে নিয়ে ‘তারার হাট’ বসেছে এখন আর্জেন্টিনার শহরটিতে।
দীর্ঘদিনের বান্ধবী আন্তনেল্লা রোকুজ্জোর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন মেসি। শুক্রবার আর্জেন্টাইন অধিনায়কের জন্মভিটেতেই হবে সেই বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে ২৫০’এর বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। যাদের মধ্যে ছিলেন মেসির ২১ জন বার্সা সতীর্থ।

রোজারিওর সিটি সেন্টারে হবে মেসির বিয়ের জমকালো অনুষ্ঠান। এরইমধ্যে সেখানে পৌঁছে গেছেন লুইস সুয়ারেজ, জাভি হার্নান্দেজ, স্যামুয়েল ইতো, কার্লোস পুয়োল, সেস ফ্যাব্রেগাস, সার্জিও বুসকেটসদের মত সাবেক এবং বর্তমান তারকারা। তাদের নিরাপত্তার জন্য রোজারিও আইন-শৃঙ্খলা বাহিনী ৩০০ পুলিশ কর্মকর্তাকে হোটেলের আশে পাশে নিয়োজিত রেখেছে।

তবে অতিথিদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নামটি বোধ হয় হতে যাচ্ছে পিক এবং শাকিরা দম্পতির নাম। মেসির বিয়ে উপলক্ষে শাকিরা গাইতে পারেন বলেও শোনা যাচ্ছে। মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরোর স্ত্রী ক্যারিনা এই অনুষ্ঠানে গাইবেন।

তারকাদের আগমনে সাড়া পড়ে গেছে পুরো রোজারিওতে। সাধারণ নাগরিকরা সেলফি তোলার আশায় ভিড় জমাচ্ছেন সুয়ারেজ, জাভিদের আশে পাশে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই ইচ্ছে আপাতত মাটি হয়ে যাচ্ছে সেলফি শিকারিদের।

তবে সবকিছু ছাপিয়ে মেসির বিয়েটাকেই বড় করে দেখছে রোজারিওবাসী। ইতিমধ্যে সাউথ আমেরিকার অন্যতম সেরা বিয়ের তকমা পেয়ে গেছে এই বিয়ে। প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। প্রস্তুত মেসি এবং রোকুজ্জো। এবার শুধু শানাইটা বাজার পালা। বাবা মায়ের বিয়ে দেখতে প্রস্তুত দুই সন্তান থিয়াগো আর মাত্তেও।










