নাইজেরিয়ার সঙ্গে শেষ ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত গোলের নেপথ্যের কারিগর এভার বানেগা। প্রায় মাঝমাঠ থেকে নাইজেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে চোখ ধাঁধানো এক পাস দিয়েছিলেন মেসিকে। সেটিতেই দুর্দান্ত ‘ফিনিশিং’ টানেন এলএম-টেন।
ওই গোলের পর মেসির পাশাপাশি বানেগারও প্রশংসা মিলছে। আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি সেটি উপভোগই করছেন। জানিয়েছেন, মেসির সঙ্গে খেলতে পারা সবসময়ই আনন্দের ব্যাপার।
শনিবার ফ্রান্সের বিপক্ষে নকআউটের লড়াইয়ে নামার আগে কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন বার্থডে বয় বানেগা। সেখানেই বলেছেন ওই গোল বানানোর গল্প।
‘আমার মাথায় তখন ছিল যে, কেবল বলটা সামনে থাকা মেসির কাছে পৌঁছাতে হবে। আমি তাই করেছি, বাকিটা সে-ই করেছে। লিও মেসির সঙ্গে খেলতে পারাটা সবসময়ই আনন্দের। আমরা জানি সে খেলোয়াড় হিসেবে কতো উঁচু মাপের।’
নকআউটে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশায় বানেগার, ‘আমরা নিজেদের উন্নতি চালিয়ে যেতে পারবো বলে আশাবাদী। ব্যক্তিগত জায়গা থেকে আমি সবসময়ই নিজের সর্বোচ্চটা দিতে চেষ্টা করি। আমি বেশকিছু বছর ইউরোপে খেলেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা।







