এও কি সম্ভব, লিওনেল মেসির কাছে টাকা পান তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। স্বয়ং রোনালদোই করেছেন এ দাবি। তবে ধার নেননি মেসি, পারিশ্রমিক চেয়েছেন রোনালদো।
সর্বশেষ জুরিখের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি-রোনালদো-নেইমার। ইংরেজির উপর খুব একটা দখল নেই মেসি-নেইমারের। এ নিয়ে মঞ্চে কিছুটা সমস্যায় পড়েন তারা। এসময় বার্সা তারকাদের সাহায্যে এগিয়ে আসেন রোনালদো।
প্রশ্ন-উত্তর অনুষ্ঠান শেষে রোনালদো মজা করে মেসিকে বলেন, তিনি যেন তার পারিশ্রমিক দিতে ভুলে না যান।
রোববার লা লিগায় স্পোটিং গিজনকে ৫-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমরা যখন মঞ্চে ছিলাম, তখন মেসি-নেইমারের কেউই ইংরেজি বলতে পারছিলেন না। তখন আমি তাদের দোভাষী হিসেবে এগিয়ে আসি।’
সিআর সেভেন বলেন, ‘পরে তাদের সাথে কথা বলার সময় তাদের বলি, তারা যেনো পারিশ্রমিক দিতে ভুলে না যান।’
কথার এক পর্যায়ে রোনালদো জানান, প্রতিদ্বন্দ্বি মেসির সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। গত কয়েক বছরে সেই ঘনিষ্ঠতা আরো বেড়েছে বলেও জানান পর্তুগীজ সুপারস্টার।







