প্রায়ই নানা বিষয় নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত হতে হয় মানুষকে। বিশেষ করে কোনো নায়ক বা নায়িকাকে নিয়ে। মুখে মুখে ঘুরতে থাকে অমুক নায়ক মারা গেছে; কিংবা তমুক নায়িকা মারা গেছে।
কিছুদিন আগেও যখন নায়ক রাজ রাজ্জাক হাসপাতালে ভর্তি ছিলেন, তখন গুজব ছড়ানো হয় তিনি মারা গেছেন। সম্প্রতি কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক মারা গেছেন বলেও গুজব উঠে।
আর সেই গুজবের শিকার হলেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢালিউড কুইন শাবানা।
গতকাল হঠাৎ করেই গুজব বাসা বাধে অভিনেত্রী শাবানা মারা গেছেন। এমন গুজবে শুধু দেশ নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশীরাও উদ্বিগ্ন হয়ে পড়ে। এমন গুজবে খোদ অভিনেত্রী শাবানাও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
শাবানার খুব কাছের মানুষ প্রখ্যাত নির্মাতা আজিজুর রহমান বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাবানার সঙ্গে মোবাইলে কথা বলেছেন। এবং তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, এমন গুজবে শাবানা খুবই বিরক্ত।
গুজবের বিষয়ে শাবানা বলেছেন, ‘দিনভর আমার কাছে এ ধরনের প্রচুর ফোন কল এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কেন, কোন কারণে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হলো জানিনা।’
‘এমন খবর প্রকাশ করা কোনোভাবেই উচিত নয়। এতে শুধু আমি ও আমার পরিবার নয়, আমার ভক্তরাও বিভ্রান্ত ও বিব্রতকর অবস্থায় পড়ে। আশা করছি এ ধরনের কাজ থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।’
২০০০ সালের পর থেকে পরিবার নিয়ে এ অভিনেত্রীযুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।






