বলিউড তারকা টাবুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তার সহশিল্পী নীল নিতিন মুকেশ। ৪ নভেম্বর শনিবার ছিল টাবুর ৪৬ তম জন্মদিন। মুকেশ তার ইন্সটাগ্রাম পেজে টাবুকে নিয়ে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ঈশ্বর তোমার সহায় হোক।’
টাবুকে নিয়ে আরও বললেন, তার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই অনেক সৌভাগ্যের। মুহূর্তেই আপন করে নেয়ার এক মোহনীয় ক্ষমতা আছে টাবুর মাঝে।

‘গোলমাল এগেইন’ ছবিতে টাবুর সঙ্গে কাজ করেছেন নীল নিতিন মুকেশ। ‘গোলমাল’ এর চতুর্থ সিরিজ এটি। অজয় দেবগন শুরু থেকে ‘গোলমাল’ এ কাজ করলেও এই প্রথমবারের মতো এতে কাজ করেছেন টাবু, পরিনীতি চোপড়া, কুনাল খেমু। অন্যদিকে আরও রয়েছেন তুষার কাপুর আর জনি লিভারের মতো অভিনেতারা।
২০ অক্টোবর মুক্তির পর থেকে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ‘গোলমাল এগেইন’। প্রথমদিনেই আয় করেছে প্রায় ৩০ কোটি রূপি। মুক্তির পর থেকে এ পর্যন্ত মোট আয় করেছে প্রায় ২০০ কোটি রূপি।
ছবি দেখে দর্শকদের মন্তব্যও বেশ ইতিবাচক। কমেডি ধাঁচের এ ছবিতে কিছুটা ভৌতিক উপাদানও রয়েছে। আর তাই দম ফাটানো হাসির পাশাপাশি কিছুটা অ্যাডভেঞ্চারও পাচ্ছেন দর্শক। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠী।








