২০১৩ সালের ১১ মার্চ, শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। আবার করতে পারবেন কিনা সেটি নিয়ে ছিল সংশয়! রোববার জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলার পর সংশয় কেটে আত্মবিশ্বাস বেড়ে গেছে মুশফিকের। এখন ট্রিপল সেঞ্চুরির আশাও করতে পারেন মি, ডিপেন্ডেবল।
শনিবার মুমিনুল হক আউট হন ১৬১ রান করে। তিনবার দেড়শ পেরোলেও ২০০ রানের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি এ বাঁহাতি। মুমিনুলের কাছে প্রশ্ন করা হয়েছিল কবে হবে দুইশ। একই ধরনের প্রশ্ন করা হল মুশফিকের কাছে। কবে হবে তিনশ?
সঙ্গে সঙ্গেই ইতিবাচক জবাব এল মুশফিকের থেকে, ‘আমি নিজের ভেতরে এটা বিশ্বাস করি। প্রথমে যখন ২০০ করেছি, তখন মনে হয়নি এটা প্রথম। আবার কবে করব, নিজের ওপর ওরকম বিশ্বাস ছিল না। এখন এটা(২১৯) পাওয়ার পর বিশ্বাস একটু হলেও ফিরে এসেছে যে, এরকম আরও বড় অবদান রাখতে পারব। আমার মনে হয় আমাদের টপঅর্ডারের কারও জন্য এটা(৩০০) অসম্ভব নয়।’
আগেরদিন ২০০ প্রসঙ্গে মুমিনুল বলেছিলেন, ‘ক্ষুধাটা পুষে রাখতে চান। যত দেরিতে হবে তত ভালো। মুমিনুলের হয়ে মুশফিক দিলেন প্রাসঙ্গিক জাবাব, ‘মুমিনুলের তাড়াতাড়ি আসবে(ডাবল সেঞ্চুরি), যখন এই ম্যাজিক ফিগার পেয়ে যাবে তখন সে আরও বড়কিছু করতে পারবে।’








