সংবাদ সম্মেলনে মুশফিকের দেয়া বক্তব্য ঠিক নয় বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মুশফিক যেসব কথা বলছে আর আমাদের কাছে যেসব তথ্য আছে, সেটা মিলছে না।’
মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার শুরু সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং উইকেটে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত থেকে। পরের টেস্টেও একই ভুল করায় সমালোচনার তীরে বিদ্ধ হন অধিনায়ক। দলের বাজে পারফরম্যান্স ও সংবাদ সম্মেলনে কোচকে নিয়ে মন্তব্য করে লেজেগোবরে অবস্থা পাকিয়ে ফেলেন। মুশফিকের ছেলেমানুষি মনোভাব, নেতৃত্বের অদূরদর্শিতায় হতাশ বোর্ডের কর্মকর্তারা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টস জেতাটাই ভুল হয়ে গেছে।’
‘মুশফিক অন্যান্যদের চেয়ে আলাদা। ও প্রকাশ করতে পারে কম। আসলে যারা এমন চুপচাপ থাকে, তাদের মনে কী চলছে, তা বোঝা যায় না। তবে টস জেতাটাই ভুল ছিল-এটা পৃথিবীর কোনো অধিনায়ক বলবে না। এটা থেকেই বোঝা যাচ্ছে ওর কিছু সমস্যা আছে।’
মুশফিকের বক্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলেও মনে করেন নাজমুল হাসান, ‘ওর মধ্যে কিছু অস্বস্তিবোধ কাজ করছে। সেটা ম্যানেজমেন্টের কারণে হতে পারে, কোচ হতে পারে, আমরাও হতে পারি। সেটা বড় কিছু না। দেশে ফিরলে আলোচনা করব আমরা। তবে এই ধরনের মন্তব্য করাটা দেশের ভাবমূর্তি নষ্ট করে।’








