বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিপিএল-ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের কর্ণধার ও বিসিবি পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলুর করা আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ‘টেস্ট অধিনায়কের বিরুদ্ধে আউয়াল চৌধুরী সংবাদমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন, তা অযাচিত ও অসম্মানজনক।’
‘আইকন’ ক্রিকেটার হিসেবে গত বিপিএলে বরিশাল বুলসে নাম লেখান মুশফিক। দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাট হাতে দ্যুতি ছড়ান। কিন্তু দল হিসেবে ভালো না করায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে মুশফিকের অধিনায়কত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন আউয়াল।
বিসিবি পরিচালকের এসব মন্তব্যে ‘ব্যথিত’ মুশফিক বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কাছে পুরো ব্যাপারটা জানান। তাৎক্ষনিকভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এর প্রতিবাদও জানান মুশি। সঙ্গী ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমলাইন হায়দার মল্লিক। পরে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় আউয়াল চৌধুরীকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের দ্রুত নেয়া এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে কোয়াব।









