প্রথম লেগে নিজেরা অতিথি হয়ে ৩-০ ব্যবধানে জিতে কাজের কাজটা করে এসেছিল বার্সেলোনা। ফিরতি লেগে প্রতিপক্ষকে অতিথি বানিয়ে বাকি কাজটা সারা হল ৫-০ গোলে। কোপা ডেল রে’তে রিয়াল মুর্সিয়া তাতে দুই লেগ মিলিয়ে উড়ে গেল ৮-০তে। আর নির্বিঘ্নেই শেষ ষোলোয় পা রাখল আর্নেস্টো ভালভার্দের দল।
বুধবার রাতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে নেমেছিল মেসি, সুয়ারেজ, আলবাদের মত একাদশের নিয়মিত সদস্যদের ছাড়াই। তাতে অবশ্য গোল উৎসবে কোন ব্যাঘাত ঘটেনি।
ম্যাচের ১৬ মিনিটে পাকো আলকাসেরের মাথা ছুঁয়ে যাওয়া বল মুর্সিয়ার জালমুখ উন্মুক্ত করে।

প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি। মধ্যবিরতির পর ফিরে সেটাই যেন কড়ায়গণ্ডায় মিটিয়ে দিলেন পিকে-ভিদালরা।
ম্যাচের ৫৬ মিনিটে অ্যালেক্স ভিদালের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। পরে হেডে আসা তৃতীয় গোলের কারিগর মিডফিল্ডার ভিদালই।

ব্যবধানটা ৭৩ মিনিটে ৪-০ করেন ডেনিশ সুয়ারেজ। সার্জিও রবের্তোর বাড়ানো বল জালে পাঠিয়ে গোলটি আনেন এই মিডফিল্ডার।
পরে ৭৯ মিনিটে সুয়ারেজের ক্রসেই ৫-০ করেন হোসে আরনাইজ। তাতে বড় জয়েই সেরা ষোলো নিশ্চিত হয় ন্যু ক্যাম্পের দলটির।







