শ্রীলঙ্কায় নিজ শহর কলম্বোর পর এবার ভারতের মুম্বাইয়ে রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এই রেস্তোরাঁ হবে মুম্বাইয়ের বান্দ্রায়, তার বাসার কাছাকাছি।
৩১ বছর বয়সী এই বলিউড তারকার বাহরাইনে জন্ম হলেও বড় হয়েছেন কলম্বোতে। তিনি তার বন্ধুকে সঙ্গে নিয়ে ২০১৪ সালের এপ্রিলে কলম্বোতে একটি রেস্তোরাঁ খোলেন। আর এরই ধারাবাহিকতায় এবার তিনি মুম্বাইয়েও রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন। সংবাদ মাধ্যমকে জানালেন, রেস্তোরাঁর সাজসজ্জা আর খাবারের ব্যাপারে শ্রীলঙ্কার ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
জ্যাকুলিন স্বাস্থ্য সচেতন হিসেবে সবার কাছে সমাদৃত। আর নিজের রেস্তোরাঁর খাবারের মেন্যুর ব্যাপারেও নাকি তিনি বেশ সচেতন।
বলিউডে এসময়ের অত্যন্ত জনপ্রিয় তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ছিলেন শ্রীলঙ্কার মডেল। ২০০৬ সালে তিনি ‘মিস শ্রীলঙ্কা’ নির্বাচিত হন এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেন। টাইমস অব ইন্ডিয়া।







